রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ভষ্মিভূত হয়েছে। চা দোকানের রুটি তৈরির তুন্দুল থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ২টি চা দোকান এবং ৩ টি মুদি দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার রাত সাড়ে ৩টার সময় উপজেলার জোরারগঞ্জের চৈতন্যেরহাটের ভোরের বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বাজারের চা দোকানি মোঃ খোকনের চা দোকানে সকালে রুটি তৈরির জন্য তুন্দুল গরম রাখার জন্য অগ্নিতাপ দিয়ে রেখে ছিলেন। রাতে হঠাৎ সেখান থেকে আগুনের লেলিহান শিখা পাশবর্র্তী মফিজুর রহমানের মুদি দোকান, হোরা মিয়ার চা দোকান, আমজাদের মুদি দোকান ও নুরুল হুদার মুদি দোকানে ছড়িয়ে পড়ে দোকানগুলো সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে করে অগ্নিকান্ডে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত দোকানীরা।
এ বিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক তদন্তে জানতে পারি স্থানীয় চা দোকানি খোকনের রুটি তৈরির তুন্দুল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
