ইলেকশনের জন্যই চলচ্চিত্রের এই দশা: অনন্ত জলিল

এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর নির্বাচনের কারণেই দেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির এই খারাপ দশ হয়েছে বলে মন্তব্য করেছেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

তিনি বলেন, ‘কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এটা তো দুই বছরের একটা নির্বাচন। আমি শুরু থেকেই ইলেকশনের পক্ষে ছিলাম না। আমি এটা পছন্দও করি না। কারণ ইলেকশনের জন্যই আজকে চলচ্চিত্রের এই দশা হয়েছে। সমিতিগুলোর ইলেকশন যদি না হতো তাহলে চলচ্চিত্রে আজকের এই দশা হতো না।’

বৃহস্পতিবার রাতে উত্তরার হাভেলি রেস্তোরাঁয় তার ‘দিন দ্য ডে’ এ ছবির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনন্ত। সেখানেই শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে চলমান জটিলতা নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের কথাগুলো বলেন তিনি।

অনন্ত জলিল বলেন, ‘নিপুণ ম্যাডাম ও জায়েদ নির্বাচন করছেন-এটা কোনো বিষয় না। নির্বাচনের পর তারা একে অপরকে ক্লেইম দিচ্ছেন এটাও কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের ইলেকশনটাই দরকার নেই।’

তবে নির্বাচন না চাইলেও ‘খোঁজ দ্য সার্চ’ এর এই নায়ক চান চলচ্চিত্রে একটা কমিটি থাকুক। যে কমিটি চলচ্চিত্রের সার্বজনীন বিষয় দেখাশুনা করবে। চলচ্চিত্রের সম্মানীতরা থাকবেন সেই কমিটির মাথা হিসেবে। যাদের কথা সবাই শুনবে ও মেনে চলবে।

অনন্ত বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি পরিচালনার একটা কমিটি থাকবে। যারা চলচ্চিত্রের সম্মানীত আর্টিস্ট, প্রযোজক ও পরিচালক তারা থাকবেন এই কমিটিতে। এ ছাড়াও অন্যান্যা সংগঠনের যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তারা থাকবেন এতে। এমন সুন্দর একটা কমিটি করলে চলচ্চিত্রে একটা ফাদার থাকতো। এখন তো চলচ্চিত্রের ১৮টা ফাদার হয়ে গেছে। মানে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ ১৮ টা সংগঠনের ১৮টা ফাদার। ১৮ জন ফাদার যদি একটা বাচ্চার থাকে তাহলে ওই বাচ্চা কিভাবে মানুষ হয়? তাই আমি বলি যতদিন পর্যন্ত চলচ্চিত্রে এমন ইলেকশন হতে থাকবে ততদিন পর্যন্ত চলচ্চিত্র ঠিক হবে না। ‘

ওই সংবাদ সম্মেলনে জানানো আগামী কোরাবানীর ঈদে বিগ বাজেটের ‘দিন দ্য ডে’ মুক্তি দিতে চান অনন্ত। এর মাধ্যমে প্রায় ৭ বছর পর মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত কোনো ছবি। আন্তর্জাতিক চোরাচালান ও মাদক কারবার নিয়ে সিনেমাটির গল্প তৈরি হয়েছে। এতে অনন্ত অভিনয় করেছেন বাংলাদেশি এক সিক্রেট এজেন্টের ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বর্ষা।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুস্তাফা অতাশ জমজম। বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে অনন্ত সেই অংশটুকুতে লগ্নী করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানী প্রযোজক।

অনন্ত জলিল বলেন, যেহেতু ঈদুল আযহায় ‘দিন দ্য ডে’ নিশ্চিত মুক্তি পাবে, তাই আমি চাইছি ঈদে এই ছবির সাথে অন্য ছবিগুলো না আসুক। কারণ আমাদের এখন আগের মতো ৮০০ হল নেই। তাই এত ভালো ছবি অল্প কিছু হলে ভাগাভাগি করে মুক্তি দিতে চাই না। এ ব্যাপারে প্রযোজক সমিতির অফিসে গিয়ে প্রযোজকদের সাথে আলাপ করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। অনন্ত জলিলের কথার প্রেক্ষিতে প্রশ্নের জবাবে খসরু বলেন, ঈদে ছবি মুক্তির বিষয়টি সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমি মনে করি, ‘দিন দ্য ডে’র মতো ছবি এলে অন্যরা কেউ তাদের ছবি মুক্তি দেবে না।

প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খসরু বলেন, সমিতির পক্ষ থেকে শুধু ‘দিন দ্য ডে’ মুক্তির ব্যাপারে কিংবা অন্য কোনো ছবি মুক্তিতে বাঁধা দেয়া হবে না। এমনকি প্রযোজকদের বারণ করা হবে না। কারণ, এটি প্রযোজনা সমিতির নীতিমালায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *