জায়েদসহ ৪ জনকে শপথ পড়ালেন ইলিয়াস কাঞ্চন

অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বগ্রহণ করলেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (৪ মার্চ) বিকালে এফডিসির খোলা প্রাঙ্গণে শপথগ্রহণ করেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

কেবল জায়েদ খান নন, এদিন শপথ নিয়েছেন জায়েদ পক্ষের আরও চারজন সদস্য। তারা হলেন সহ-সভাপতি পদে মনোয়ার হোসেন ডিপজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা ও অরুণা বিশ্বাস।

শপথগ্রহণ শেষে সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জায়েদ খান। সভাপতি ইলিয়াস কাঞ্চনের অনুমতি সাপেক্ষে সাধারণ সম্পাদক হিসেবে তাদেরকে অভিবাদন জানিয়েছেন এ নায়ক।

হাইকোর্ট গত মঙ্গলবার জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে রায় প্রকাশ করেছে। সেই রায়ের প্রেক্ষিতেই আজ শপথ নিলেন জায়েদ।

তবে শপথের আগে জায়েদের পক্ষে হাইকোর্টের রায়ের কাগজ দেখতে চান ইলিয়াস কাঞ্চন। সেই কাগজ দেখিয়েই শপথ পড়িয়েছেন তিনি।

এ কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘জায়েদ গতকাল আমাকে তার উকিলের প্যাডে মামলার রায়ের একটা কপি দেখিয়েছিলো। আমি তাকে রায়ের সার্টিফাইড কপি দেখাতে বলি। আজকে সে তা দেখয়েছে৷ তাই আমি তাকে শপথ পড়ালাম।’

এর আগে ৬ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক পদে নিপুণকে শপথ পড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। সে প্রসঙ্গ উঠলে তিনি আজ বলেন, ‘আগেরটাও বৈধ ছিলো। তাই নিপুণকে পড়িয়েছিলাম। এখন যেহেতু কোর্টের রায় হয়েছে তাই এটাও মানতে হচ্ছে। আইন অমান্য করার উপায় নেই।’

বাকি যারা এখনো শপথ নেননি তাদের সম্পর্কে কাঞ্চন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শপথ বাধ্যতামূলক নয়। তবে কমিটির তিনটি বৈঠকে টানা উপস্থিত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *