শিল্পী সমিতির বিষয়গুলো নিয়ে আমি বিরক্ত। গতকাল আমার মনে হয়েছিলো, কেন আসলাম এখানে! পদত্যাগ করার চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না। সবকিছুরইতো সমাধান আছে। ভালোবাসা, আচরণ- এগুলো দিয়ে অনেক কিছু জয় করা যায়।’
শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে চলমান জটিলতায় বিরক্ত হয়ে বৃহস্পতিবার (০৩ মার্চ) এফডিসিতে কথাগুলো বলছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে শুটিং শুরু হতে যাওয়া ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমার জন্য শুভ কামনা জানাতে আসেন ইলিয়াস কাঞ্চন।
এ সময় গণমাধ্যম ও চলচ্চিত্রের মানুষদের উদ্দেশে কাঞ্চন বলেন,‘আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ।’
এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান, ‘ট্র্যাপ’ ছবিতে অভিনয় করতে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।
তাহলে কি দুজন মিলে সমিতির দায়িত্ব সামলানোর পরিকল্পনা চলছে? ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘আমি শুক্রবার সভা ডেকেছি। সবাইকে জানানো হয়েছে। কে আসবে না আসবে জানি না, আমি অবশ্যই থাকব।’
জায়েদ খানের কি হবে? তিনি কি এখন কমিটিতে থাকতে পারবেন? প্রশ্নের জবাবে কাঞ্চন বলেন, ‘আমি জায়েদকে বলেছি, তুমি তোমার রায়ের সার্টিফাইড কপি আমাকে দেবে। সেটা দিলেই আমি তাকে অ্যালাও করব।’
অন্যদিকে শিল্পী সমিতির সহ-সভাপতি পদে জয়ী অভিনেতা ডিপজল শুক্রবার শপথ নেবেন বলে নিশ্চিত করেছেন। মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী অন্য প্রার্থীরাও শপথ নেবেন কিনা জানতে চাইলে ডিপজল বলেন, ‘অন্যরা নেবে কি না জানি না। আমি নিচ্ছি।’
