আমি সুপ্রীম কোর্টে আপিল করবো : নিপুণ

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে এর বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন নির্বাচনী আপিল বোর্ডের রায়ে নির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ। ২ মার্চ (বুধবার) হাইকোর্টের দেওয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেন দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনয় তারকা। এর আগে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন নিপুণ ও জায়েদ খান।

আদালতের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিপুণ বলেন, আমি ন্যায় বিচার পাইনি। আদালত আমার তথ্যপ্রমাণ দেখেন নি, যার ফলে আমি সঠিক বিচার পাইনি। আমি এই রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করবো, তার আগে একই কোর্টের চেম্বার আদালতে এই রায় স্থগিত চেয়ে আবেদন করবো।

উল্লেখ্য, গেলো ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন নিপুণ ও জায়েদ খান। নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়লাভ করেন জায়েদ খান। এরপর ভোট পুনর্গণনাতেও তিনি জয়ী হন। পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ।

এরপর বিষয়টি সমাধানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আপিল বোর্ডকে। তারা তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। আর এরপরই ঘটনা আদালত পর্যন্ত গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *