বাসাইল উপজেলা আ:লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি গাউস, সম্পাদক রাজিক

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাজী মতিয়ার রহমান গাউসকে সভাপতি ও মির্জা রাজিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টা’য় উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম সন্ধ্যা ৬টায় সমঝোতার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।

জেলা আ:লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এই তথ্য নিশ্চিত করেন।

বাসাইল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না। তারা জানে তাদের পায়ের নিচে মাটি নেই। আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে। তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত।তাঁর জেলে থাকার কথা থাকলেও সরকারের বদান্যতায় ও উদারতায় জেলের বাইরে রয়েছেন।

কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিএনপির আরেক নেতা তারেক রহমান দুর্নীতিপরায়ণ। আইন অনুযায়ী তাঁরও নির্বাচনে দাঁড়ানো খুব সহজ নয়।

কাজেই, তারা কোনক্রমেই নির্বাচন চায় না। তারা চায় সরকারের পতন। কিন্তু এ সরকার জনগণের নির্বাচিত সরকার। আগামী নির্বাচনের আগ পর্যন্ত জনগণের রায় ব্যতীত এ সরকারের পতন হবে না। নির্বাচন কমিশন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তাদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল। অতীতে তাঁরা স্ব-স্ব পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, আমি যতদূর জানি তাদের তেমন কোন রাজনৈতিক পরিচয় নেই। এ কমিশন গঠনের পর থেকে সব মহলে বিতর্ক কমে গেছে, শান্তির পরিবেশ তৈরি হয়েছে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা সবার মাঝে তৈরি হয়েছে এবং সবাই মনে করছে এই নতুন কমিশনের মাধ্যমে একটা ভাল নির্বাচন হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা আ’লীগের সহসভাপতি মোঃ শামছুল হক,তানভীর হাসান ছোট মনির এমপি, ছানোয়ার হোসেন এমপি প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *