পূজা চেরীর সঙ্গে ‘নাকফুল’ করছেন না রোশান

মাসখানেক আগে ‘নাকফুল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জিয়াউল রোশান ও পূজা চেরী। হঠাৎ করে গতকাল (২৬ ফেব্রুয়ারি) রাতে রোশান জানালেন, আরটিভি প্রযোজিত এ সিনেমাতে তিনি অভিনয় করছেন না। আর ঘোষণাটা দিলেন ফেসবুকে এসে।

প্রকাশ্যে এমন স্ট্যাটাসে তৈরি হয়েছে গুঞ্জন। তবে রোশান বলছেন, অন্য কোনও দ্বন্দ্ব নয়, ব্যস্ততার কারণেই সরে যাচ্ছেন তিনি।

ফেসবুকে রোশান লিখেছেন, ‘‘আরটিভি প্রযোজিত ‘নাকফুল’ ছবিটি আমি করছি না। আলোক হাসান, তোমার প্রথম ছবির জন্য শুভকামনা ভাই। তোমার সঙ্গে আমার দ্রুতই কাজ হবে।’’

বিষয়টি নিয়ে জানতে চাইলে এই চিত্রনায়ক বলেন, ‘ছবিটির পরিচালক আলোকের জন্য এটা প্রথম কাজ। বেশ গুছিয়ে তিনি মার্চ-এপ্রিলে শুটিং শুরু করতে চান। এখানেই হয়েছে সমস্যা। এই সময়টাতে আমার শিডিউল নেই। তাই ছেড়ে দিলাম কাজটি।’

চিরায়ত ভালোবাসার প্রতীক ‘নাকফুল’ নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। আর নির্মাণ করবেন আলোক হাসান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।

এদিকে পরিচালক আলোক হাসান জানালেন, শিডিউল–সংক্রান্ত জটিলতার কারণে কাজটি করতে পারছেন না রোশান। তিনি বলেন, ‘রোশানের সঙ্গে এ ব্যাপারে আমার আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতেই রোশান এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, রোশানের অন্য সব ছবির শুটিং শিডিউল যেভাবে সাজানো, তাতে এ ছবিতে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আরটিভি চায় আগামী ঈদের আগেই ছবির কাজ শেষ করতে।’

রোশানের জায়গায় এখন নতুন নায়ক খোঁজা হচ্ছে। এরই মধ্যে তিন-চারজনের সঙ্গে কথাও হয়েছে। দু-তিন দিনের মধ্যে জানানো হবে, জানালেন পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *