কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সল্লা ইউনিয়ন এর কামাক্ষার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম রকিবুল ইসলাম রবিন (২৩)। তিনি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন এর নেধার গ্রামের তালেব শিকদার এর ছেলে ও করটিয়া সা’দত কলেজের অনার্সের ছাত্র।

নিহতের বন্ধু মোটরসাইকেল চালক হৃদয় জানান, তারা সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কামাক্ষা মোড় পর্যন্ত পৌঁছালে সড়কে বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় রকিবুল ইসলাম রবিন মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *