রাশিয়ার পণ্যবাহী জাহাজ আটক করল ফ্রান্স

ইংলিশ চ্যানেল রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোকে জাহাজটি আটকের পর উত্তরাঞ্চলীয় বন্দর বুলোন-সুর-মেরতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে ফ্রান্সের সমুদ্র পুলিশ জাহাজটি আটকের কথা জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন এই খবর জানা গেলো।

এক ফরাসি কর্মকর্তা বলেন, ১২৭ মিটার দীর্ঘ রুশ কার্গো জাহাজটির নাম ‘বাল্টিক লিডার’। এটি গাড়ি বহন করছিল। শুক্রবার মধ্যরাতে ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নৌবাহিনী এটিকে আটক করে।

ওই কর্মকর্তা আরও বলেন, ফ্রান্স সরকারের অনুরোধে এটিকে ফরাসি বন্দরে নেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে মস্কোর বিরুদ্ধে জারি নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি কোম্পানির পণ্য এটি পরিবহন করছিল। জাহাজটিতে তল্লাশী চলছে।

এদিকে জাহাজ আটকের বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে ফ্রান্সে অবস্থিত রাশিয়ান দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *