‘বেপরোয়া গতি’ কেড়ে নিল বাইক চালকের প্রাণ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌরসভার টান কালিয়াকৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আমিনুল ইসলাম (৩০)। সে টান কালিয়াকৈর নদীর পাড় এলাকার মৃত বিদিশার ছেলে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ভাষ্যমতে, নিহত আমিনুল ইসলাম আর একজন আরোহী নিয়ে বাড়ি থেকে সোদপুরের উদ্দেশ্যে বের হয়। দ্রুত গন্তব্যে যাওয়ার জন্য জন্য সে বেপরোয়া গতিতে বাইক চালাতে থাকে। পথিমধ্যে তারা সিরাজের বাড়ির কাছে পৌঁছালে তাদের সামনে একটি অটোরিকশা পড়ে।

এসময় সংঘর্ষ এড়াতে গিয়ে তার বাইক স্ট্রিট ল্যাম্পপোস্টে আঘাত করে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাইকের দুই যাত্রীর কারোর মাথায় হেলমেট ছিলনা।

পরে স্থানীয়রা তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অপর আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *