পরীমনি ও রোশান দুজনেই দূরে কোথাও পালিয়ে যেতে চাইছেন, ভুলে যেতে চাইছেন সব। শুধু তা-ই নয়, ভালোবাসার ইশারায় একসঙ্গে বাঁচতেও চাইছেন তারা।
ওপরের কথাগুলো পরী-রোশান একে অপরকে বলেছেন গানে গানে। ‘ও মন’ শিরোনামের নতুন একটি গান বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ পেয়েছে অনলাইনে।
গানটি লিখেছেন আব্রাহাম তামিম। ইমন চৌধুরীর সুর ও সংগীতে গানটি গেয়েছেন ইমরান-কনা। মুখোশ সিনেমায় থাকছে গানটি। এটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ।
পরিচালকের নিজের লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফর’ অবলম্বনে তৈরি হয়েছে ‘মুখোশ’। দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘মুখোশ’ সিনেমার ট্রেলার।
ট্রেলারের মধ্যেই রহস্যের গন্ধ পাচ্ছেন দর্শক। সিনেমাটিতে মোশাররফ করিমকে দেখা যাবে ‘ইব্রাহিম খালেদি’ চরিত্রে। মুখোশ সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করছে সোহানা।
লেখক ইব্রাহিম খালেদির একটি বই নাম ‘মুখোশ’ যার পাতায় পাতায় রহস্য খুঁজে বেড়াচ্ছেন সোহানা। পৃষ্ঠা ৪৪ কে বেশ গুরুত্বের সঙ্গে দেখানো হয়েছে ট্রেলারে। এমনকি দেখানো হয়েছে বইটি এক সময় নিষিদ্ধও ঘোষণা করা হয়। কিন্তু কেন? প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ৪ মার্চ পর্যন্ত। আগামী ৪ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সোহানা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা পরীমনি। সিনেমাটিতে পরীমনির বিপরীতে ‘শায়ান’ চরিত্রে দেখা যাবে রোশানকে। সাভার, সিলেট, টাঙ্গাইল, এফডিসি, বইমেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ণ হয়েছে। ২ মিনিট ২৯ সেকেন্ডের রহস্যে ভরপুর ট্রেলারটি এ পর্যন্ত প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষ দেখেছেন।





