শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর নান্দাইল বাজারের রাস্তায় বিভিন্ন সময় যানবাহন চলাচলে জ্যাম লেগে থাকে। একটু বৃষ্টি হলেই পানি জমে খাদা হয়ে চলার অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটিতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় বাজারে আসা লোকজন ও স্থানীয়দের।
এ রাস্তা দিয়েই চলাচল করেন এ আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিনিও এ দুর্ভোগে পড়েছেন বারংবার। রাস্তাটি প্রশস্তকরণ ও মজবুতিকরণ এটি ছিল সময়ের দাবি।
রাস্তাটি প্রশস্তকরণ ও মজবুতিকরণে ৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় জানান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
রবিবার (২৫ অক্টোবর) ওই সভায় সভাপতির সমাপনী বক্তব্যে এমপি তুহিন বেশ কয়েকটি স্বস্তির খবর প্রকাশ করেন। এরমধ্যে বিশেষ করে চলাচলের অনুপযোগী নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড হইতে বাজার ভায়া নান্দাইল হাসপাতাল পর্যন্ত রাস্তাটি প্রশস্তকরণ ও মজবুতিকরণে ৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাস্তাটি বর্তমানে ১২ ফুট প্রশস্ত রয়েছে। নতুন করে আরও তিন ফুট প্রশস্ত বেড়ে ১৫ ফুট হবে এবং ৮ ইঞ্চি সিসি ঢালাই হবে।
এ প্রকল্পে পুরাতন বাসস্ট্যান্ড হতে হাসপাতাল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নদীর পাড়ের রাস্তা, মোরগ মহাল ও বর্তমানের সবজি বাজার হতে শাহ মূলকত দরগাহ শরীফ পর্যন্ত মোট ১৩৫০ মিটার রাস্তা অন্তর্ভুক্ত বলে জানান এমপি তুহিন।
এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য সেবার মানোউন্নয়নে ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করায় হেলথ মিনিস্টার এওয়ার্ড পাওয়ায় বিশেষ অবদান রাখায় এমপি তুহিনকে উপজেলা কমপ্লেক্সের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।#
