২৩ বছরের ছোট নায়িকার প্রেমে মজেছেন বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

টেসলা কোম্পানির অধিপতি এলন মাস্কের নাম এখন কে না জানে! বিশ্বের শীর্ষ ধনী বলে কথা। ৫০ বছর বয়সী এই ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ ২৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় সেই অংক ২০ লাখ কোটির বেশি!

অবিশ্বাস্য সম্পদের এই মালিকের সঙ্গেই প্রেম করছেন এক অভিনেত্রী। তার নাম নাতাশা ব্যাসেট। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীর বয়স মাত্র ২৭ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে তাদের প্রেমের কথা।

এলন মাস্কের সঙ্গে নাতাশার একটি ছবিও হয়েছে ভাইরাল। যেখানে দেখা গেছে, মাস্কের ব্যক্তিগত বিমান থেকে তারা নেমে আসছেন। ডেইলি মেইলকে একটি সূত্র বলেছে, ‘নাতাশা ব্যাসেট অল্প সময়ের জন্য এলনকে দেখেন; প্রথমে তারা বন্ধু ছিলেন, তারপর ঘনিষ্ঠতা বাড়ে।’

এক সন্তানের মা গ্রিমসের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদ হওয়ার পর মাস্ক এখন নাতাশার সঙ্গে ডেটিং করছেন। গত শুক্রবার মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড লাইফ বিশেষ প্রতিবেদনে এমন দাবি করেছে। এই যুগলের বয়সের পার্থক্য ২৩ বছর।

এলন মাস্কের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমটির কাছে দাবি করেছে, মাস্ক ও ব্যাসেট কয়েক মাস ধরে ডেটিং করছেন; একসঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। যদিও এ প্রসঙ্গে এখনও দুজনের কেউ মুখ খোলেননি।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সিডনিতে নাতাশা ব্যাসেটের ছোটবেলা কাটলেও ২০১৯ সালে নিউইয়র্কে পাড়ি দেন তিনি। সেখানের ড্রামা স্কুলে ভর্তি হন। বর্তমানে অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করছেন।

২০১৬ সালে মার্কিন সংগীত শিল্পী এবং অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের বায়োপিক ‘ব্রিটনি এভার আফটার’-এ নাম-ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন নাতাশা ব্যাসেট।

জর্জ ক্লুনি, স্কারলেট জোহানসন ও চ্যানিং টাটুমের মতো সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন নাতাশা। আগামীতে তাঁকে কিংবদন্তি কণ্ঠশিল্পী এলভিস প্রিসলির বায়োপিকে তাঁর প্রথম প্রেমিকা ডিক্সি লকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম ‘কিং অব রক অ্যান্ড রোল’। এ সিনেমায় আরও অভিনয় করবেন অস্টিন বাটলার ও টম হ্যাঙ্কস।

কানাডীয় লেখক জাস্টিন উইলসনকে ২০০০ সালে বিয়ে করেন এলন মাস্ক। তাঁদের ঘরে পাঁচ সন্তান রয়েছে। ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০৮ সালে মাস্ক ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রিলেকের সঙ্গে ডেটিং শুরু করেন এবং ২০১০ সালে এই দম্পতি বিয়ে করেন। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *