চিত্রনায়িকা নিপুণের বিষয়ে হাইকোর্টে অভিযোগ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের করা রিটের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এসময় জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি আদালতকে বলেন, ‘আপিল বিভাগের স্ট্যাটাসকো থাকার পরও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসছেন। এর মাধ্যমে তিনি আদালত অবমাননা করে চলেছেন।’

তখন আদালত বলেন, আপনারা যা বলছেন, এটা রুলের সাথে সম্পৃক্ত নয়। পরে আদালত রুল শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

আদালতে নিপুণের পক্ষে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না- এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়।

পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *