৩ বিভাগে বৃষ্টি হতে পারে

চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এতে আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এখন থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আজ ও কাল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা ধীরে ধীরে সাগরের দিকে নেমে যাচ্ছে।

তিনি আরও বলেন, সমুদ্রবন্দরগুলোতে এখনও তিন নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এটি আজ দুপুর পর্যন্ত থাকবে। দুপুরের পর সমুদ্র বন্দর নিয়ে আবার একটি সিদ্ধান্ত আসতে পারে। তখন বলা যাবে তিন নম্বর সতর্ক সংকেত থাকবে, কি থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *