Home দেশের খবর রংপুরে নিখোঁজের পাঁচ দিন পর নারীর মরদেহ উদ্ধার

রংপুরে নিখোঁজের পাঁচ দিন পর নারীর মরদেহ উদ্ধার

0
148
ফাইল ফটো

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- ব্যাংক থেকে ডিপিএস এর টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ থাকা রাহেলা বেগম (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের পাঁচদিন পর রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাহেলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী এবং কৃষি গবেষণা কেন্দ্রের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে রাহেলা ওই আবাসনে থাকতেন। তার একমাত্র ছেলে রায়হান ঢাকায় চাকরি করেন।

স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন রাহেলা। তিনি পুবালী ব্যাংক জাহাজ কোম্পানি মোড় শাখায় একটি ডিপিএস খোলেন। সেখানে প্রতি মাসে টাকা জমা রাখতেন।

জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন রাহেলা। তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। এ ঘটনায় রাহেলার বড় ভাই গতকাল শনিবার গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি করেন।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তার মাথা থেতলানো ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here