অপহরণের অভিযোগে উপজেলা যুবদলের আহবায়ক গ্রেফতার

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: এক নারীকে জোরপূর্বক অপহরণের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে আটক করে জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে পাশ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

এর আগে শনিবার রাতে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন এক শিক্ষক। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারী এক নারীকে জোর পুর্বক অপহরণ করেন এমন অভিযোগ তুলে ওই নারীর পিতা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ভোর রাতে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুল জানান, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে অপহরণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি সকালে শুনেছি। দলীয় ফোরামে তার বিষয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *