ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির পঞ্চম বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সার্চ কমিটির বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শামসুল আরেফীন।
শামসুল আরেফীন জানান, সার্চ কমিটির বৈঠকে ২০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় সার্চ কমিটি আবার বসবে। সেখানে বাছাইয়ের পর ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
সর্বশেষ তালিকায় থাকা ২০ জনের নাম প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সার্চ কমিটি।
এর আগে বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত আছেন।
গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে ইসি এখন পর্যন্ত শূন্য রয়েছে। ইসি গঠন করতে প্রথমবারের মতো আইন পাস করেছে সরকার।
ইসিতে যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। তারপর একটি সার্চ বা অনুসন্ধান কমিটি করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সার্চ কমিটি রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তিপর্যায় থেকে ইসির জন্য নাম আহ্বান করে। সেখানে নাম জমা পড়ে তিন শতাধিক।
সেই কমিটি পরে ৬০ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে ইসি গঠনে মতামত চান। পরে সেখান থেকেই চূড়ান্ত তালিকা তৈরির কথা জানায় সার্চ কমিটি।
