মহাসড়কে দায়িত্ব পালনকালে গাড়িচাপায় মারা গেলেন এসআই

কুমিল্লা- কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার এদাদিয়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, এসআই জাহাঙ্গীর দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট নিরসন ও নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছিলেন। ডিউটিরত অবস্থায় সড়ক পারাপারের সময় রাত ১টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *