ঈদ মানেই শাকিব খান। গেল কয়েক বছরে এটাই নিয়মে পরিণত করেছেন ঢালিউড শীর্ষ নায়ক। তবে এবারের ঈদে শাকিবের সেই মাঠে বাধ সাধছেন আরেক জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তাঁর পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন এই মুক্তির তারিখ জানানো হয়েছে।
এদিকে, ঈদে শাকিব খানের ‘গলুই’ সিনেমার মুক্তি আগে থেকেই চূড়ান্ত। এরই মধ্যে ঢাকাসহ ইতোমধ্যে দেশের ১০টির মতো হলে সিনেমাটির বুকিং চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু।
‘শান’ সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় সিনেমাটির শুটিং শুরু থেকেই দর্শক আগ্রহ লক্ষ করা গেছে। তবে বারবার সিনেমাটির মুক্তি পেছানোয় কমতে ছিল সে আগ্রহ। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে ফের দর্শকদের প্রস্তুত হতে বললেন ‘শান’ টিম।
‘শান’ নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।
রাহিম বলেন, বিগ বাজেটের সিনেমা ‘শান’। এটা আসলে উৎসবে মুক্তি দেয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।
সিনেমাটির গল্প লিখেছেন এর প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
অন্যদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। এস এ হক অলিকের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
