Home দেশের খবর শেরপুরে বিএসএফের হাতে আটক কৃষক ভারতের জেলে

শেরপুরে বিএসএফের হাতে আটক কৃষক ভারতের জেলে

0
205

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীন (৪৫) নামে এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তুলে নিয়ে গেছে। অনুপ্রবেশের অভিযোগে তাকে ভারতের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ওই তথ্য জানিয়েছেন ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হাই। কৃষক জয়নাল শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামুড়া গ্রামের মৃত শাহ আলী ফকিরের ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে গারো পাহাড়ের ঝিনাইগাতী সীমান্ত সংলগ্ন এলাকায় গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে যায় কৃষক জয়নাল আবেদীন। সন্ধ্যায় পরিবারের লোকজন জানতে পারেন বেলাবর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের তাওয়াকোচায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০০ নম্বর পিলারের কাছ থেকে ধরে নিয়ে গেছে।

পরে তারা বিষয়টি স্থানীয় বিজিবি সদস্যদের জানায়। ওই ঘটনায় বুধবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ জানায়, ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়। এরপর তাকে স্থানীয় ডালু থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে কৃষক জয়নাল বিএসএফ’র হাতে আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবির নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আব্দুল হাই বিএসএফ’র দেয়া তথ্য উদৃত করে বলেন, জয়নালকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ আটকের পর তাকে প্রথমে নিকটস্থ থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। অপর এক প্রশ্নে জবাবে তিনি জানান, ভারতের আদালতে তার বিরুদ্ধে উঠা অভিযোগের নিষ্পত্তি ও প্রমাণ সাপেক্ষে সাজার মেয়াদ শেষ হলে তাকে দেশে ফেরত আনা সম্ভব হবে। একই তথ্য জানান ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here