শরীয়তপুর- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতে বুধবার মামলাটি করেছেন ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হওয়ার সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) এক অনুষ্ঠানে বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি দাবি করেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়ন করতেন।
এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জাফরুল্লাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাইফ রুদাদ।
ছাত্র ইউনিয়নের শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ বলেন, কাদের মোল্লা একজন প্রতিষ্ঠিত ও প্রমাণিত যুদ্ধাপরাধী, রাজাকার এবং মানবতাবিরোধী অপরাধী ছিলেন। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাঁকে মৃ ত্যুদ ণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয়েছে। তাঁর মতো ঘৃণ্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন। তাই তাঁর বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করা হয়েছে।
বাদীর আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস জাফরুল্লাহ চৌধুরীকে হাজির হওয়ার সমন জারি করার জন্য আদেশ দিয়েছেন।
