বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে বাধা নেই নিপুণের। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসির চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবিই করলেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই।
মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’
এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য নিপুণকে হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এজন্য বনানী থানায় একটি জিডিও করেছেন এ নায়িকা। সংবাদ সম্মেলনে নিপুণ জানান, এই জিডি নং ৮২৯।
তিনি বলেন, ‘গতকাল সকাল ৮টায় আমি বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতে যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি থানায় জিডি করেছি।’
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিজয়ী ঘোষণা করে।
আপিল বোর্ডের রায় না মেনে আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। সেই আবেদনের বিপরীতে পাল্টা আপিল করেন নিপুণ। আগামী ২২ ফেব্রুয়ারি বিষয়টির পুনরায় শুনানি হবে।
