শীতের রাত। অন্ধকার চেপে বসেছে চারদিকে। কিন্তু আকাশের বুকে ঝলমল করছে চাঁদ। সেই চাঁদকে সাক্ষী রেখে সুনসান নীরবতার দেয়াল ভাঙলেন তরুণ অভিনেতা শরিফুল রাজ। চিৎকার করে বলে উঠলেন, ‘আই লাভ ইউ টু’।
ভালোবাসায় টইটম্বুর এমনই একটি ভিডিও পোস্ট করেছেন আলোচিত নায়িকা পরীমণি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের রাতে কোথাও ঘুরতে গেছেন তারা। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি সরু সড়কের পাশে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন রাজ। তার পরনে পাঞ্জাবি, কোট ও চাদর। রাজের অগোচরে ক্যামেরা হাতে দৃশ্যটি বন্দী করছিলেন পরী।
প্রথমে রাজ বলেন, ‘তুমি না বললে সাত ঘণ্টা ধরে আমি তোমাকে রিপ্লাই দেই না?’
পরী সম্মতি দেন। এরপর রিপ্লাই দেয়ার কথা উল্লেখ করে রাজ ভালোবাসাময় সেই বাক্যটি উচ্চারণ করেন। তার শব্দ প্রতিধ্বনিত হয় নীরব রাতের নিস্তব্ধ প্রকৃতিতে। রাজের এমন কাণ্ডে হাসতে হাসতে পরী বলেন, ‘পাগলা’!
এখানেই শেষ নয়, কথাটি বলে উঁচু স্থান থেকে নেমে আসেন রাজ। এরপর উপর্যুপরি চুমু ছুঁড়ে দেন প্রিয়তমা স্ত্রীর দিকে।
এর আগে ভালোবাসা দিবসকে বিশেষ করে রাখতে নিজেদের মতো সারাদিন কাটিয়েছেন রাজ-পরী। সোমবার সন্ধ্যায় পরী নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে কিছু স্থিরচিত্র পোস্ট করে সেটিই জানান দেন।
সেখানে দেখা যায়, রাজ-পরী দুজনেই গাড়িতে বসা ছিলেন। উচ্ছ্বাস প্রকাশ করে রাজকে নায়িকা ফেসবুকে লিখেছেন, ‘আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন রাজ।’
ছবিতে দেখা যায়, বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে হলুদরঙা শাড়ি পরেছেন পরী। কপালে ছোট লাল টিপ, হাতে লাল চুড়ি। আর রাজ পরেছেন পাঞ্জাবি তার ওপর চাদর।
