ভালোবাসা দিবসে ক্যাম্পাসেই এক ভিন্নধর্মী গায়ে হলুদের সাক্ষী হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া ইয়াসমিন রিয়া।
আগামী ১৮ই ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে হচ্ছে তার। বিয়ের দিনকে স্মরণ করে রাখতে ক্যাম্পাসেই গায়ে হলুদের আয়োজন করেছে তার সহপাঠীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে দুপুর ২টা থেকে প্রায় তিন ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাসে ব্যতিক্রমীভাবে বান্ধবীর হলুদ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি সহপাঠীরাও।
তার সহপাঠীরা জানিয়েছেন, ব্যস্ততার জন্য আমরা সবাই বন্ধুরা হয়তো বিয়েতে থাকতে পারব না। তাই মজা করেই এই গায়েহলুদের আয়োজন। এটা আসলে বন্ধুদের ভালোবাসার বন্ধন। আগামী ১৮ ফেব্রুয়ারি রিয়ার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। এ উপলক্ষে ভালোবাসা দিবস ও বসন্তের দিনে এই গায়েহলুদের অনুষ্ঠানের আয়োজন।’
রিয়ার বান্ধবী শাপলা খাতুন বলেন, রিয়া আমাদের একজন ভালো বান্ধবী। আমরা সবাই ওকে ভালোবাসি। বসন্ত ও ভালোবাসা দিবসে বন্ধুত্বের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান।
নববধূ সুমাইয়া ইয়াসমিন রিয়া বলেন, শহর থেকে এসে ক্যাম্পাসে আমার গায়েহলুদ হবে। এটা কখনো ভাবতে পারিনি। আমার সহপাঠীদের ভালোবাসায় আমি মুগ্ধ।
