ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের তালিকা প্রকাশ

ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের নাম প্রস্তাবনার তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন উৎস থেকে পাওয়া ৩২২ জনের নামের এই তালিকা প্রকাশ করে।

নির্বাচন কমিশনে স্থান পেতে ২৪টি রাজনৈতিক দল এবং ছয়টি সংগঠন এদের নাম দিয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *