শিমুলের রক্তিম আভায় প্রকৃতিতে এসেছে বসন্ত। একইদিনে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসও। দুটি বিশেষ উৎসব একদিনে হওয়ায় আনন্দের মাত্রাও যেন দ্বিগুণ। তাই প্রিয়জনকে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে মানুষ।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের রঙে তারকারাও রঙিন। তবে ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘ভালোবাসা’ শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ- এমন মনে করেন না।
এই ঢালিউড কুইন বলেন, ‘এবারের ফাল্গুন এবং ভালোবাসা দিবস আমার জন্য আসলেই অনেক বেশি আনন্দের। কারণ অনেকদিন পর আমার অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পেয়েছে গত ১১ ফেব্রুয়ারি। এটি পরিপূর্ণ একটি বাংলা চলচ্চিত্র। ফলে আমি অনেক বেশি একসাইটেড।’
ভালোবাসা দিবস প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবসের মতো। কারণ দিনটা শুরু করি ভালো কিছু দিয়ে। ব্যতিক্রম এটাই আমার সিনেমা মুক্তি পাচ্ছে। বিগত দিনে ফাল্গুনের দিনটা অনুভব করতাম বা দেখতাম আমার মাকে নিয়ে, সন্তানকে নিয়ে। এরপর তো কোভিডের কারণে ফাল্গুন এলো-গেলো বুঝতেই পারিনি।’
তারপরও আজ বসন্তের প্রথম দিন। স্মরণ করিয়ে দিলে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার কাছে ফাল্গুন মানে হলুদ জামাকাপড় পরে, সেজে ঘুরে বেড়ানো এগুলো নতুন কিছু মনে হয় না। আমি বছরের প্রতিটি দিন সুন্দরভাবে দেখতে পছন্দ করি। আর ভালোবাসা আমার কাছে সিনেমা, ক্যামেরা আর ভক্তদের সঙ্গে। কারো জন্য স্পেশাল ভালোবাসা আমার কখনও ছিল না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে রেসপেক্ট। সেটা কাজের জায়গা হতে পারে, স্বামী-স্ত্রী হতে পারে, সন্তান-মা হতে পারে, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হতে পারে।’
