মাঘের শেষে বৃষ্টির পর ফের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এটির তীব্রতা আরও বাড়তে পারে। এক্ষেত্রে থার্মোমিটারের পারদ নেমে আসতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, এ অবস্থায় আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।
এছাড়া পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
