ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। নানা ঘটনায় গত ছয় মাসে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি।
সবশেষ গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ে করার সুখবর দিয়ে নতুন করে আলোচনায় আসেন এই তারকা অভিনেত্রী। নানান বিষয়ে পরীমণির আপডেট এবং খবর জানতে ভক্তরা নায়িকার ফেসবুক পেজে ঢুঁ মারেন নিয়মিত। ফলে তার পেজটির অনুসারীর সংখ্যা বাড়তে থাকে দ্রুতগতিতে। দেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে এই অভিনেত্রীর।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেসবুকে তার ফলোয়ার আছে ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১১২ জন। ইনস্টাগ্রামেও তার ফলোয়ার ১ লাখ ১ হাজার ৩০০ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। ফেসবুকে তার ফলোয়ার ১ কোটি ৩ লাখ ২৯ হাজার ১৯৫ জন। তার উপস্থাপনা ও পরিচালনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ গত কয়েক দশক ধরে দেশ ও বিদেশের দর্শকের হৃদয় জয় করে আসছে।
৯৭ লাখ ৬৯ হাজার ১২৩ জন ফলোয়ার নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। ইনস্টাগ্রামে ২ লাখ ৮০ হাজার অনুসারী রয়েছে তার।
প্রায় সমানসংখ্যক ফলোয়ার নিয়ে চতুর্থ স্থানে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ ৫৯ হাজার ৩৪৯ জন। ছোটপর্দার দাপুটে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ফেসবুক ফলোয়ার ৮৯ লাখ ৭৪ হাজার ১০৭ জন। বিশাল এই ফ্যান ফলোয়ার নিয়ে তিনি আছেন তালিকায় পঞ্চম অবস্থানে।
অবাক করা ফ্যান ফলোয়ার আছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। অনেক দিন নিয়মিত অভিনয়ে না থাকলেও তার খবর রাখছেন ভক্তরা। ফেসবুকে অপুর ফলোয়ার ৮৮ লাখ ৩ হাজার ৫৩ জন।
অভিনয়ের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশের মধ্য দিয়ে দর্শকের মনোযোগ কেড়েছেন নুসরাত ফারিয়া। ফেসবুকে ৭১ লাখ ৬০ হাজার ৬১৫ জন এবং ইনস্টাগ্রামে ৩ লাখ ৬০ হাজার ফলোয়ার আছে তার। এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী পড়শী। ৬৬ লাখ ৩৭ হাজার ২৯৭ জন ফেসবুকে তাকে ফলো করেন।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ফেসবুকে অনুসারী রয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৩৫৮ জন। ইনস্টাগ্রামে আছে ৩ লাখের বেশি ফলোয়ার।
বর্তমানে নাটকের পরিচিত মুখ তাসনিয়া ফারিণের ফেসবুক অনুসারীর সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে। এ মুহূর্তে তার ফলোয়ার ৬৫ লাখ ৪৯ হাজার ৭৩৯ জন। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ফেসবুকে ফলো করেন ৫৮ লাখ ৫৪ হাজার ৮২৭ জন।
অভিনেত্রী জয়া আহসান দেশের পাশাপাশি ভারতীয় ছবির দর্শকের হৃদয় জয় করেছেন অনবদ্য অভিনয় দিয়ে। যেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফলোয়ার বেড়েই চলেছে। ফেসবুকে ৫৬ লাখ ৩৭ হাজার ৪৮ জন এবং ইনস্টাগ্রামে আড়াই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের অনুসারী যে রেকর্ডসংখ্যক হবে- তা আশা করা যেতেই পারে। ৫৬ লাখ ৮৯ হাজার ৮২২ জন ফেসবুক ফলোয়ার আছে এই অভিনেতার। ইনস্টাগ্রামের অনুসারীও লক্ষাধিক।
জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ফেসবুকে অনুসারী ৫৪ লাখ ৯৮ হাজার ৪৬৩ জন। কণ্ঠশিল্পী ইমরানের ফেসবুক ফলোয়ার ৫৩ লাখ ৯ হাজার ১৩ জন।
এ ছাড়াও ফ্যান ফলোয়ারের দিক থেকে তালিকায় আছেন মুশফিক আর ফারহান (৪৯ লাখ ৩৪ হাজার ৪১৯ জন)। কেয়া পায়েল (৪৬ লাখ ৪৬ হাজার ১৭ জন)। নুসরাত ইমরোজ তিশা (৪৫ লাখ ৩৬ হাজার ১৬৪ জন)। শবনম বুবলী (৪০ লাখ ১৭ হাজার ৯০৮ জন)। জিয়াউল হক পলাশ (৩৯ লাখ ১ হাজার ৮২৯ জন)। মোশাররফ করিম (৩৬ লাখ ৮০ হাজার ৩৪১ জন)। সিয়াম আহমেদ (৩৩ লাখ ৩৬ হাজার ২৭১ জন)। ফারহান আহমেদ জোভান (৩০ লাখ ৫২ হাজার ৪৩৩ জন)। হৃদয় খান (২৮ লাখ ৯৫ হাজার ৫৫০ জন)। মিশু সাব্বির (২৭ লাখ ৭৩ হাজার ৫৮৩ জন)। বাপ্পী চৌধুরী (২০ লাখ ৩৩ হাজার ৫১৮ জন)।
তারকারা বলেন, ‘ফলোয়াররা প্রিয় অভিনয়শিল্পীর কাজ নিয়ে মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন। ভালোকে ভালো বলছেন, খারাপকে খারাপ। যার সুবাদে ভালো কাজের অনুপ্রেরণা পান তারা। কিন্তু অনুসারীর সংখ্যা বেশি মানেই এই নয় যে, তারকা হিসেবে তাদের অবস্থান শীর্ষে।’
