নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা দম্পতি দুই ছেলের নামে মসজিদ নির্মাণ করেছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করেন তাঁরা।
জানা গেছে, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বর্ষার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নের গারাদহ পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাঁ ঘেষে ১ বিঘা জায়গার উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।
দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদের নাম রাখা হয়েছে আরিজ আবরার জামে মসজিদ। মসজিদ উদ্বোধন আয়োজনে উপস্থিত ছিলেন অনন্ত-বর্ষা দম্পতি।
অন্তর্জালে এক ভিডিও পোস্ট করে অনন্ত জলিল লিখেছেন, ‘পবিত্র জুম্মার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’
চিত্রনায়িকা বর্ষার পিতা মোঃ আঈনুল হক নজর২৪কে বলেন, আমার মেয়েকে ছোটবেলা থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে মানুষ করেছি। সে যতো বড় মাপের মানুষই হোক না কেন তার ধর্মীয় অনুভুতি প্রবল। সে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে।
সে মসজিদ নির্মাণ করেছে এই নিয়তে যেনো আল্লাহপাক খুশি হন এবং তার স্বামী অনন্ত জলিল, ২ সন্তান, পিতা মাতা ও সকল আত্মীয়স্বজনকে এহকাল ও পরকালে ভালো রাখেন।
গারাদহ গ্রামের স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম বলেন, বর্ষার মসজিদ নির্মাণের উদ্যোগ অত্যন্ত উত্তম একটি বিষয়। মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা এখানে নামাজ আদায় করতে পারবেন। তাছাড়া মসজিদটি দৃষ্টিনন্দন হওয়ায় অত্র অঞ্চলের মুসলিমদের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হবে।
