মেহজাবীন চৌধুরী; অভিনেত্রী হিসেবেই দেশজোড়া পরিচিতি তার। টিভি পর্দায় জনপ্রিয়তার নিরিখে তার নামটিই সবার আগে উচ্চারিত হয়। সেই মেহুকে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে টিভিতে। রিয়্যালিটি শো’তে গানের বিচার করবেন মেহজাবীন।
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত এই শোয়ের নাম ‘স্কয়ার সুরের সেরা’। এটি মূলত স্কয়ার গ্রুপের কর্মীদের মধ্যকার সংগীত বিষয়ক রিয়্যালিটি শো। যেখানে এই প্রতিষ্ঠানের কর্মীরা তাদের গানের প্রতিভা প্রকাশ করছেন।
জানা গেছে, অনুষ্ঠানটির নতুন একটি পর্ব সাজানো হয়েছে ভালোবাসার গান দিয়ে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এর প্রচারণা। এই বিশেষ পর্বেই অতিথি বিচারক হয়েছেন মেহজাবীন। তার সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে যথারীতি থাকছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।
মেহজাবীন বলেন, “আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি।”
পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার।
‘স্কয়ার সুরের সেরা’ প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।
