বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদে আদালতের স্থিতাবস্থা বিদ্যমান ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় পর্যন্ত এই পদে বিবাদমান কোনো পক্ষই পদটিতে বসতে পারে না।
এমন পরিস্থিতির মধ্যেই আজ (১০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিপুণকে বরণ করে নিয়েছে এফডিসির সবগুলো সংগঠন। এসব সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করেন এবং তাকে মিষ্টিমুখ করান।
নিপুণকে বরণ করা প্রসঙ্গে এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এ জন্য ফুল দিয়ে বরণ করেছেন এবং মিষ্টিমুখ করিয়েছেন।
এদিন সাধারণ সম্পাদকের চেয়ারে নিপুণকে বসতে দেখা গেছে। চেয়ারে বসার কয়েকটি ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোভা পাচ্ছে। এ সময় দুই মেয়াদের সাধারণ সম্পাদক জায়েদ খানের নেইম প্লেটটি দেখা যায়নি।
জানা গেছে, জায়েদ খানের নেইম প্লেটটি সরিয়ে টেবিলে নিপুণ তার নেমপ্লেট লাগিয়েছেন। সেখানে লেখা রয়েছে- নিপুণ আক্তার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
গতকাল (৯ ফেব্রুয়ারি) আদালতের শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নিপুণ। তিনি কবে চেয়ারে বসছেন- এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলব- আপিল বোর্ড থেকে আমি ন্যায়বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায়বিচার পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আদালতে দেখানো হয়েছে, আমরা শপথ নিয়েছি। শপথ নিয়ে আমি অলরেডি সেই চেয়ারে আছি। আর তাই সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি। এখানে কোনো বাধা নেই।’
এ ব্যাপারে এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু বলেন, আমরা যতদূর জেনেছি আদালতের নির্দেশনায় নিপুণ তার পদ ফিরে পেয়েছেন। তাই অভিনন্দন জানিয়েছি।
এ ব্যাপারে মুঠোফোনে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
