নিপুণকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। আজ (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে এটি অর্পণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কার্যকরী সদস্য ফেরদৌসসহ রিয়াজ ও জেসমিন প্রমুখ।

উপস্থিত ছিলেন শপথ নেওয়া সাধারণ সম্পাদক নিপুনও। তবে জায়েদ খান প্যানেল থেকে বিজয়ী কোনও সদস্য সেখানে যাননি।

বিষয়টি নিয়ে সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘আমরা অন্যদেরও জানিয়েছিলাম। শপথ নেওয়া হয়নি বলে হয়তো তারা আসেননি। তবে না আসার সঠিক কারণ সম্পর্কে আমি অবগত নই। আর নিপুণ আপা সাধারণ সম্পাদক। কারণ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’

উল্লেখ্য, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হলেও তার বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।

সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে হাইকোর্টে আপিল করলে গতকাল বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করে দিয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *