এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। সেই সঙ্গে সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশও স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বুধবার (৯ ফেব্রুয়ারি) এই আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান।

আগামী ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে। এর আগ পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান কিংবা নিপুণ কেউই দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে চেম্বার আদালতের আদেশ শোনার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়িকা নিপুণ। তিনি বলেন, ‘আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালত যে রায় দিবে, সেটিই আমরা মেনে নিবো। প্রথম থেকেই বলে আসছি- আমি ন্যায় বিচার চাই। আদালত আজ আমার প্রতি ন্যায় বিচারই করেছে।’

সাধারণ সম্পাদক পদে আপনি জয়ী- এ কথা কি আমরা বলতে পারি? সাংবাদিকদের এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘হ্যাঁ আপনারা সেটি বলতে পারেন।’

তিনি কবে চেয়ারে বসছেন- এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘এখন চেয়ারে বসতে আর কোনো বাধা নেই। কিন্তু আমি ফুল বেঞ্চের জন্য অপেক্ষা করতে চাই। শুধু একটা কথাই বলবো- আপিল বোর্ড থেকে আমি ন্যায় বিচার পেয়েছি, আদালত থেকেও ন্যায় বিচার পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আদালতে আজ দেখানো হয়েছে, আমরা শপথ নিয়েছি। শপথ নিয়ে আমি অলরেডি সেই চেয়ারে আছি। আর তাই সেই চেয়ারে কিন্তু আমি যেতে পারি। এখানে কোনো বাঁধা নেই।’

একসময়ের এই চিত্রনায়িকা বলেন, ‘পুরো পৃথিবী আমার জন্য যেভাবে দোয়া করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, শিল্পীরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে- আমার আসলে বলার ভাষা নেই। আপনারা সবাই আমাদের শিল্পী সমাজের জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের ভুল বুঝবেন না।’

সমিতির দায়িত্ব নিয়ে প্রথম কী কাজ করতে চান, সে প্রসঙ্গে নিপুণ বলেন, ‘প্রথম আমি যে কাজটি করতে চাই, ১৮৪ জন (মৃত ২০) শিল্পী যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে প্রথমে তাদের সদস্যপদ ফিরিয়ে দেবো। এরইমধ্যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমি কথা বলেছি।’

তিনি যোগ করেন, ‘আরেকটি কথা আমি বারবার বলেছি- আমাকে একটু সুযোগ দেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসি। এফডিসিতে যেদিনই উনার (শেখ হাসিনা) পা পড়বে সেদিনই এফডিসি জ্বলজ্বল করে উঠবে। কারণ উনি যে জিনিসটি ধরেছেন, সেটিই স্বর্ণ হয়ে উঠেছে। আমার মনে হয় এফডিসিও সেটি হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *