টালিউডের সুপারস্টার ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেবকে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগামী ১৫ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম।
সিবিআই সূত্রে জানানো হয়েছে যে, গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানের ভিত্তিতে উঠে এসেছে দেবের নাম। তিনি পশ্চিমবঙ্গের ঘাটাল আসনের তৃণমূল সাংসদ। একাধিক তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে তলব করেছে সিবিআই।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে দেবকে। যদিও এ বিষয়ে দেব কিংবা তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা ও কিছু ইনস্পেক্টরকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ও ইডি। রাজ্যের এক মন্ত্রী এবং আইনজীবীকেও তলব করা হয়েছে।
এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন গরু পাচারের লভ্যাংশের বেআইনি টাকাকে বৈধ করতে কিছু প্রভাবশালী ব্যক্তির যোগ প্রকাশ্যে এসেছে। যদিও এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
