দুই মামলায় প্রতারক সিকদার লিটনের বিচার শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গার চিহ্নিত প্রতারক সিকদার লিটনের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামস জগলুল হোসেন আসামির উপস্থিতিতে চার্জ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে দুটি মামলাতেই বিচার শুরু হলো সিকদার লিটনের।

হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও সাইবার অপরাধে দেশের বিভিন্ন জেলায় অর্ধডজনের বেশি মামলার আসামি এই সিকদার লিটন। ফরিদপুর, খুলনা, পাবনা ও ঢাকার আদালতে মামলাগুলোর বিচার চলছে।

একাধিক গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন সিকদার লিটন। পরে ২০২০ সালের ১৯ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।

মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সিকদার লিটনের বিরুদ্ধে যে দুটি মামলায় অভিযোগ গঠন হয়েছে, দুটিই ফেসবুকে অশালীন মন্তব্য ও কুৎসা রচনার অভিযোগে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সুফিয়া বেগম রোজীকে নিয়ে ফেসবুক লাইভে এসে অশালীন ও আপত্তিকর মন্তব্য করায় মামলা করা হয় লিটনের বিরুদ্ধে। ২০২০ সালের ২৫ আগস্ট সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

অপর মামলাটি ঢাকা টাইমস সম্পাদকের বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনা, মিথ্যাচার ও ভাবমূর্তি নষ্টের অভিযোগে করা হয়েছে। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর আকিবুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুটি মামলাতেই প্রতারক সিকদার লিটনের বিচার শুরু হলো। আগামী ৯ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *