অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।
কয়েক দফায় সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হলেও মহামারি করোনার কারণে আর মুক্তি পায়নি। অবশেষে আলোর মুখ দেখছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসিতে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, আসন্ন ভালোবাসা দিবস ও ফাল্গুন আমার জন্য খুব স্পেশাল। এবার আমার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি মুক্তি পাচ্ছে। এর মাধ্যমে অনেকদিন পর আমার কোনো সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
১১ ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটি পরিপূর্ণ একটি ‘বাংলা ছবি’ বলে জানালেন অপু। তিনি বলেন, ‘আমি কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিই না। কারণ, চ্যালেঞ্জ নিলে সেই কাজে জয়-পরাজয়ের ব্যাপার চলে আসে। আমি কাজটার মাধ্যমে সবসময় সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করি।’
শূন্য দশকের শুরুতে রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি একটি মাইলফলক। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কি আগের ছবির সাফল্য টপকাতে পারবে? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আগের জুটিকে ক্রস করার মতো সাহস আমাদের নেই।’
অপু বলেন, তারা বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় পার্সোনালিটি। তাদের টপকানোর সাহস আমাদের নেই। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ যিনি বানিয়েছিলেন তারই বানানো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে এটি সিক্যুয়েল নয়। পর্দায় যখন দর্শক দেখবেন তখন পার্থক্যটা বুঝবেন।
সিনেমাটি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখতে চায় এটি তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন।’
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।
