Home আলোচিত ইভ্যালির গাড়ি বিক্রির সময় পুলিশ ও র‍্যাবকে নিরাপত্তা দেয়ার নির্দেশ

ইভ্যালির গাড়ি বিক্রির সময় পুলিশ ও র‍্যাবকে নিরাপত্তা দেয়ার নির্দেশ

0
433

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি গাড়ি নিলামে বিক্রির সময় ডিএমপি ও র‍্যাবকে নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গাড়ি নিলাম হবে সুপ্রিম কোর্টের একজন রেজিস্ট্রারের তত্ত্বাবধানে। এর আগে গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন জাতীয় দৈনিকে খোলা নিলামের মাধ্যমে গাড়ি বিক্রয় বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি।

আগামি ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় সড়ক নং-১১, বারিধারা ‘জে’ ব্লক, বিচারপতির বাড়ি (সাউথ পয়েন্ট স্কুলের পাশে) ঠিকানায় গাড়িগুলোর নিলাম শুরু হবে।

নিলাম বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়, ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। যার মধ্যে রয়েছে বিলাসবহুল গাড়ি রেঞ্জ রোভার।

আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অফিস চলাকালীন উইন্সকোর্ট ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (তার মধ্যে ফেরতযোগ্য ৪,৫০০) পরিশোধ ক‌রে নিলাম কার্ড সংগ্রহ কর‌তে হ‌বে।

নিলামের তালিকায় রয়েছে- একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রায়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এসব গাড়ির মোট ন্যূনতম মূল্য ঘোষণা করা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।

এরমধ্যে ২০২০ সালের রেজিস্ট্রেশনের রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা, ২০২১ সালের রেজিস্ট্রেশনের টয়োটা প্রায়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, ২০২০ সালের রেজিস্ট্রেশনের টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, ২০২১ সালের রেজিস্ট্রেশনের টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, ২০২১ সালের রেজিস্ট্রেশনের হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও ২০২০ সালের রেজিস্ট্রেশনের টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
নানা প্রতারণার মামলায় ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এখন কারাগারে আছেন।

ইকমার্স প্রতিষ্ঠানটির কাছে পণ্য সরবরাহকারী ও কয়েক লাখ ক্রেতার পাওনা রয়েছে পাঁচশত কোটি টাকারও বেশি।

এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে গাঠিত একটি পরিচালনা পর্ষদ কোম্পানিটির ন্যায্য অবসায়নে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here