শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

ঢাকা- করোনা সংক্রমণ কমতে থাকা ও টিকা কার্যক্রম জোরদার থাকায় আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করা হবে ট্রেনে।

রেলের মহপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের মতো ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা ভাইরাস প্রতিরোধী বিভিন্ন টিকা নিয়ে বিভিন্ন স্থানে যাচ্ছে। ফলে ট্রেনে যাত্রী চাপ বেড়েছে। তাই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রী চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তা ছাড়া ট্রেনসমূহের টিকিট বিক্রিতে সংশোধনী আনা হয়েছে। সেগুলো হলো-কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। আন্তনগর ট্রেনসমূহে বিদ্যমান আসনসংখ্যার শতভাগ টিকিট দেওয়া হবে। ট্রেনে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে সকল আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। করোনা সংক্রমণ কমায় চলমান এই বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিলো বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *