দেশের আটটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এটি আরও বিস্তৃত হতে পারে। রোববার (০৬ ফেব্রুয়ারি) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহে এবং সীতাকুন্ডু উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং তা পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ ডিগ্রি সেলসিয়াস।
