‘প্রেমের লাড্ডু’ দিয়ে ঝড় তুললেন তমা মির্জা

প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে ইষ্টিশনে, লাইনে দাঁড়া তুই, লাইনে দাঁড়া, তোর কিসের তাড়া, আমি টিকেট না দিলে তোর কোন উপায় নাই রে…

কৌশিক হোসেন তাপসের এমন কথা, সুর ও সঙ্গীতায়োজনে কণ্ঠ দিলেন নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী রেশমি মির্জা।

আর গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। সম্প্রতি টিজার প্রকাশের পর রোববার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে পুরো গানটি।

টিএম রেকর্ডসের পূর্ব প্রকাশিত দুটি গানে নেচেছিলেন সানি লিওনি ও নুসরাত জাহান। এবার তাদের নতুন সেনসেশন হয়ে ধরা দিলেন তমা মির্জা।

তিনি বলেন, “এটা আমার লাইফের বেস্ট কাজ। টিএম রেকর্ডসের গানগুলো ইতিমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর প্রত্যেকটি গানই বাংলাদেশের জন্য এসেট (সম্পদ)। এ গানটিতে তাই, আমি নিজ থেকেই হয়ে কাজটি করতে চেয়েছি। দর্শক আমাকে এর আগে শান্ত লুকে দেখেছে, এবার গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করলাম। খুব গোছানো একটা প্রোডাকশন ছিল। টিএম কাপল যেখানে আছেন খুব ভালো কিছু হতে যাচ্ছে সে বিশ্বাস ছিল, আছে ও থাকবে। আমি খুব এক্সাইটেড।”

এদিকে গানটি নিয়ে উচ্ছ্বসিত রেশমি বলেন, মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। গান শেষে যখন ভিডিওটা দেখলাম আমি কাঁদছিলাম। আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীর গানে এত বিপুল বাজেটের এ ভিডিও তৈরির সাহস একমাত্র টিএম কাপলই করতে পারে। টিএম রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা। গানটি উৎসবে আনন্দে সবার মনে বাজুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *