মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালনা এবং প্রধান শিক্ষক ও সভাপতি আপন চাচাতো ভাই হওয়ায় ইচ্ছেমতো শিক্ষক/কর্মচারী নিয়োগ করছেন বলে অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন মজিবর রহমান খন্দকার নামে এক অবিভাবক।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার সিন্দুর্না ইউনিয়নে অবস্থিত লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রয়াত আজিজার রহমান দায়িত্ব পালন করা অবস্থায় ২০১৩ সালে মৃত্যুবরণ করেন। তারপর থেকে বিদ্যালয়টিতে সভাপতির নির্বাচন ছাড়াই প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলু নিজের ইচ্ছেমতো তার আপন চাচাতো ভাই সাখাওয়াত হোসেন রঞ্জুকে সভাপতি করেন।
তারপর থেকে এডহক কমিটি কোন প্রকার নির্বাচন ছাড়াই সাখাওয়াত হোসেন রঞ্জু সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। যা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা পরিপন্থি। সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু ও প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলু আপন চাচাতো ভাই হওয়ায় উভয়ের যোগসাজসে নিজেদের ইচ্ছেমতো অসাধু ভাবে শিক্ষক/কর্মচারী নিয়োগের পায়তারা করছেন। নাম প্রকাশ না করা শর্তে একাধিক অবিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়টিকে পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছে।
মামলার বাদী মজিবর রহমান খন্দকার বলেন, প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলুকে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নির্বাচন দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করার বিষয়ে একাধিকবার বললেও তিনি কমিটি গঠন না করে তারই চাচাতো ভাইসহ নিজেদের ইচ্ছেমতো অসাধুভাবে শিক্ষক/কর্মচারী নিয়োগের পায়তারা করছেন, তাই আমি ন্যায় বিচার প্রার্থনা করে আদালতে মামলা করেছি।
এ বিষয়ে সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু বলেন, আজিজার ভাই মৃত্যুবরণ করার পর থেকে আমি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। কিভাবে কমিটি গঠন হয়েছে প্রধান শিক্ষক বলতে পারবে। ডিসেম্বর/২১ বিদ্যালয়ে এডহক কমিটি হয়েছে মনে হয় যা আমি জানিনা।
প্রধান শিক্ষক আনিছুর রহমান বাবলুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আদালত থেকে একটি নোটিশ পেয়েছি, আদালতে জবাব দিবো।
