প্রবাসের কথা ডেস্ক- মালয়েশিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ক্ল্যাং লামায় একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়া অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, বাংলাদেশকে লক্ষ্য করে অনলাইনে এই জুয়া পরিচালনা করতো একটি চক্র। এর গ্রাহকও বাংলাদেশি।
ফ্রি মালয়েশিয়া টুডে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এতে বলা হয়, ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে অনলাইনে জুয়া পরিচালনা করা হতো। গ্রাহকদের কাছ থেকে দৈনিক ১০ হাজার রিঙ্গিত নিতো তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান গতকাল এ খবর জানিয়েছিলেন। পরদিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হলো।
অভিযান শেষে ঘটনাস্থলে সিইআইডির প্রধান হাবিবি মাজিনজি জানান, বহুতল ভবনের ৪০তম তলা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা করা হতো।
‘আমরা ৫ জন বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করেছি,’ বলেন তিনি।
