এবার প্রিসিলার অতিথি ইলিয়াস কাঞ্চন

ইদানীংকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ঘুরে বেড়ায় এক কিশোরীর আলাপচারিতার নানা ভিডিও। কখনো লাইভ স্ট্রিমিংয়ে এ প্রত্যন্ত অঞ্চলের খেটে-খাওয়া কৃষককে যুক্ত করে সবার সামনে তুলে ধরেন তার জীবন সংগ্রামের গল্প, কখনো ডাক্তার, নার্স ও পুলিশসহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেন তাদের কথাগুলো। আবার কখনো অসহায়, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে, দুঃস্থ মা-বোন ও শিশুদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সবার প্রশংসা কুড়ান ওই কিশোরী।

বলছিলাম বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক প্রবাসী কিশোরী প্রিসিলা নাজনীন ফাতেমার কথা। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে ‘প্রিসিলা’ নামেই চেনে। নিউইয়র্কে থেকেও দেশের বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের মাঝে নানা ধরনের সহায়তামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন প্রিসিলা।

তবে নতুন খবর হলো এবার প্রিসিলার ফেসবুক লাইভে অতিথি হয়ে আসছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। যিনি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। এই নির্বাচনকে ঘিরে নানা সমালোচনা, বিতর্ক হয়েছে। আবার ইলিয়াস কাঞ্চনের মতো নন্দিত ব্যক্তিত্বের জয়ে আশাবাদী হয়েছেন সিনেমার মানুষেরা।

সিনেমা ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কাঞ্চন কথা বলবেন প্রিসিলার সঙ্গে। ঢাকায় থেকে তিনি নিউইয়র্কবাসী প্রিসিলার নানা প্রশ্নের জবাব দেবেন। আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রিসিলার ফেসবুক পেজ থেকে সাক্ষাতকারটি সরাসরি প্রচারিত হবে।

উল্লেখ্য, প্রিসিলা একসময় অভিনয়, মডেলিং, নাচ ও গানের চর্চা করতেন। অভিনয় ও মডেলিং বিষয়ে কোর্স করেছিলেন নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। আবার নাচ-গানের প্রশিক্ষণ নিয়েছেন স্কুলে। গান গেয়ে নিউইয়র্কে পুরস্কারও পেয়েছিলেন এই তরুণী। তবে সবকিছু ছাপিয়ে তিনি এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *