চলচ্চিত্রে বুবলীর সাত বছর পার হতে চলছে। অন্যদিকে সিয়ামের পাঁচ বছর। দুজনের একসঙ্গে এবারই প্রথম চলচ্চিত্রের পর্দায় দেখা মিলছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে তাঁদের প্রথম চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।
টান নামের এই চলচ্চিত্রের শুটিং শুরু হয় এ বছরের শুরুতে। গত ২৭ জানুয়ারি বুবলী ও সিয়াম অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির পরই দর্শক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
সিনেমাটি নিয়ে সম্প্রতি এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন শবনম বুবলি। সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো-
‘টান’ সিনেমায় যুক্ত হলেন কিভাবে?
বুবলি: এটা আসলে হুট করে করা। বেশ কিছুদিন আগে রাফি (রায়হান রাফি) ভাই আমাকে গল্পটা শোনান। পাশাপাশি শুটিং অ্যারেঞ্জমেন্ট, প্ল্যানিং সব জানান। তখনই ভালো লেগে যায়। তারপর শুটিং প্ল্যান করেন। করোনা যখন কমছিল, তখনই শুটিংটা করি। ঢাকার ভেতরেই পুরো শুটিং করেছি। যারা ছবিটা এরইমধ্যে দেখেছেন তারা নিশ্চয় বুঝে গেছেন, পুরান ঢাকায় শুট করা হয়েছে। বিশেষ করে সূত্রাপুর-গেন্ডারিয়া এলাকাতেই বেশিরভাগ অংশের শুটিং করা হয়েছে।
কিন্তু ‘টান’ ছবিটা পছন্দ করার পেছনে কি এটাই কারণ নাকি অন্য কিছু?
বুবলি: সত্যি কথা বলতে কি, আমার ক্যারিয়ারের শুরু থেকে মিষ্টি প্রেমের বা প্রোপার রোমান্টিক ছবি কম করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তো সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাইবো। সেই জায়গা থেকে গল্পটা শোনার পরই আগ্রহ বেড়ে যায়। মনে হয় এই প্রেমের সিনেমাটা আমি করতে পারি। এছাড়া রায়হান রাফির পরিচালনায় প্রথম কাজ এবং নায়ক সিয়ামের বিপরীতেও প্রথমবার। সব মিলেই আগ্রহটা তৈরি হয়েছিল।
সিনেমায় আপনাকে সিয়ামের প্রেমিকা হিসেবে বেশ সাবলীল মনে হলো?
বুবলি: হা হা। আসলে এটার বড় কারণ রাফি ভাই। আমরা আগে বেশ কয়েকবার বসেছি। গল্পটা নিয়ে কথা বলেছি। প্রথমবার আমার কো-আর্টিস্ট সিয়াম। তাই আমাদের কেমিস্ট্রিটা খুব জরুরী। আমাদের হাতে পুরো স্ক্রিপ্টটা ছিলো না। রাফি ভাইয়া আমাদের একটা প্লট ও ডিরেকশনটা দিয়েছিলেন। আর বলে দিয়েছিলেন তিনি কী চান। আমরা সেই চেষ্টাটা করেছি।
কিন্তু প্রেম তো করতেন এবং করেনও।
বুবলি: না না। ওইরকম কিছু না। বাস্তবে খুব চুপচাপ স্বভাবের আমি। প্রেমিকা হিসেবে অতটা চঞ্চল নই। আমার বেলায় যেটা ঘটতো, প্রেমের চেয়ে আমার বিয়ের প্রপোজাল বেশি আসতো। নাইন-টেনে যখন পড়ি তখন থেকেই বিয়ের প্রপোজাল আসা শুরু হয়। একটা সময় তো আমি ফ্যামিলির গেট টুগেদারে যাওয়া বন্ধ করেছিলাম।
‘টান’ সিনেমা দেখে তো আপনাকে খুব কমবয়সী মনে হলো।
বুবলি: কি বলেন, আমি তো কমবয়সীই। ‘টানে’ যে রকম মনে হয়েছে সেইরকমই আসলে বয়স। (হাসি)
