ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারেন তিনি। তখনই জানিয়ে দেন নতুন করে ঘর বাঁধতে চলেছেন তিনি। সে অনুযায়ীই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। তার বরের নাম সৈয়দ আসকার। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে এ জুটির বিয়ের অনুষ্ঠানিকতা।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। শোবিজ অঙ্গন থেকে হাজির হয়েছিলেন—মনোজ প্রামাণিক, শ্যামল মাওলা, মাহা সিকদার, নিলয় আলমগীর, সিনথিয়া ইয়াসমিন প্রমুখ।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের আসর। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন তিশা।
২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে পরিচয় তিশার। তারপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। প্রেমের সম্পর্কে থাকার সময়ে দুই পরিবারকে বিষয়টি জানান; সর্বশেষ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।
উল্লেখ্য, এটি তাসনুভা তিশার তৃতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।
