এম. এ মুহিত, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়ে দুই জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জ সদরের খয়েরগাঁও এলাকার দেলোয়ার হোসেন (২৫) ও সেলিম মিয়া (২২)।
জানা যায়, বিগত কিছুদিন ধরে কুশিয়ারা নদীর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল অংশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র। নদীর তলদেশ থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে বিভিন্নস্থানে বিক্রি করতো ওই সঙ্ঘবদ্ধ চক্র।
বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতা অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের ধরতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালু উত্তোলনে জড়িত দুই শ্রমিককে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
