পরীমণির আবেদন মঞ্জুর করলো আদালত

মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ শুনানি পেছানোর আবেদন করেছেন চিত্র নায়িকা পরীমনি। আজ মঙ্গলবার সকালে ঢাকা স্পেশাল জজ আদালত-১০ এ তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন।

পরীমনির আইনজীবী আদালতকে জানান, অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি। বেশ কিছু দিন যাবত তিনি জ্বরে ভুগছেন। সেই সঙ্গে তার কাশি রয়েছে। এ ছাড়া, তিনি অন্তঃস্বত্তা। এই মামলায় চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে পরীমনি উচ্চ আদালতে আবেদন করেছেন। যে কারণে আদালতের কাছে সময় প্রার্থনা করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষও এদিন সময় চেয়ে আবেদন করে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, র‌্যাব কর্মকর্তা ও মামলার বাদী মজিবুর রহমান অসুস্থতার কারণে আজ অনুপস্থিত। যে কারণে শুনানি পেছানোর আবেদন করা হচ্ছে।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আগামী ১ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলার অন্য ২ আসামি হলেন—পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। বর্তমানে তারা জামিনে আছেন। শুনানিকালে তারা আজ আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য্, গত বছর ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মা’দকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে, গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *