এবার বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের পর বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান। শিল্পী সমিতির তিনবারের এই সাধারণ সম্পাদক এবার হারিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নিপুণ আক্তারকে।
এরই মধ্যে হারা না মানা নিপুণ ভোট গুনিয়েছেন মোট দুইবার। তবে তাতে আর ফল পাল্টেনি। সবশেষ রোববার (৩০ জানুয়ারি) নানা অভিযোগ এনে করেছেন সংবাদ সম্মেলনেও।
তবে এবার নায়ক জায়েদ খানের সামনে এলো আড়ালে আবডালে ঘুরতে থাকা এক প্রশ্ন। তিনি নাকি এমন একজন নায়ক, যার নাকি কোনো ভক্ত নেই’।
এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, এরকম কথা মানুষের বানানো। ভক্ত নাই এটা কোনো শব্দ হতে পারে! তাহলে এতোগুলো ছবি করলাম কীভাবে, মানুষ আমার এতোগুলো ছবি দেখে কীভাবে, মানুষ কীভাবে আমার সাথে এতো ছবি তোলে, কীভাবে এই ১০-১২ বছরের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছি। ভক্ত না থাকলে এতো বছর আমাকে কেউ ছবিতে নিতো না।
তিনি আরও বলেন, সব শিল্পী আমার পাশে আছেন। আর ভক্ত না থাকলে শিল্পীরা কেউ পাশে থাকতেন?
এর আগে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ভোটের ফল প্রকাশ করা হয় শনিবার ভোরে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যথাক্রমে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান।
ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান ভোট পান যথাক্রমে ১৯১টি ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর ১৪৮টি এবং নিপুন ১৬৩টি ভোট পান।
এছাড়া সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেত্রী শাহানূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন, মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।
