বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচন ঘিরে জায়েদ খানকে নিয়ে কম আলোচনা হয়নি। তবে শেষপর্যন্ত চিত্রনায়িকা নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন তিনি। নির্বাচনে জয় পেলেও মিশা সওদাগরের জন্য তার মন খারাপ।
জয়ের পর শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে আসেন এ অভিনেতা।
এসময় তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। ওনার জন্য আমার মন খারাপ। কারণ আমরা বিগত চার বছর স্বামী- স্ত্রীর মতো ছিলাম।’
শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। ২০২২-২৪ মেয়াদি এই নির্বাচনে সভাপতি পদে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়া কাঞ্চনের কাছে ৫৩ ভোটে পরাজিত হয়েছেন মিশা সওদাগর।
জায়েদ খান বলেন, ‘মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।’
